নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টার (সিডব্লিউসি), কান পেতে রই-এর সহযোগিতায় এবং এনএসএসইউসিসি, এনএসইউইডিসি ও এনএসইউএসসি-এর সহায়তায় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালার আয়োজন করেছে।
৫ অক্টোবর ২০২৬ আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ‘Start the Conversation: Save a Life’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। এতে আত্মহত্যা নিয়ে প্রচলিত ভুল ধারণা ও বাস্তবতা, আত্মহত্যার ঝুঁকির কারণ, সতর্কতার লক্ষণ, প্রয়োজনীয় সহায়তার জন্য উপযুক্ত জায়গায় যোগাযোগ এবং ঝুঁকিতে থাকা ব্যক্তির সঙ্গে কীভাবে কথা বলতে ও আচরণ করতে হবে, এসব বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন কান পেতে রই-এর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও ডিরেক্টর অব স্ট্র্যাটেজি অ্যান্ড পার্টনারশিপ রুবিনা জাহান এবং হেড অব ট্রেনিং অ্যান্ড আউটরিচ আশিক আবদুল্লাহ। আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে একটি সচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। পরে প্রশিক্ষকেরা অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন অংশগ্রহণমূলক সেশন পরিচালনা করেন। রোল-প্লে সেশনে অংশগ্রহণকারীরা সংকটপূর্ণ পরিস্থিতিতে কীভাবে সহায়তামূলক কথোপকথন শুরু করা যায় এবং কীভাবে যথাযথভাবে সাড়া দিতে হয়, তা অনুশীলন করেন।
কর্মশালায় আত্মহত্যা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা নিয়েও আলোচনা করা হয়। যেমন— কেউ আত্মহত্যার কথা বললে সে কখনোই আত্মহত্যার চেষ্টা করবে না, অথবা কেউ আত্মহত্যার সিদ্ধান্ত নিলে তাকে আর বাঁচানো সম্ভব নয়, এ ধরনের ধারণা সঠিক নয়। আত্মহত্যার সতর্কতার লক্ষণ হিসেবে আচরণে হঠাৎ পরিবর্তন, নিজেকে আঘাত করার চিন্তার কথা বলা, মৃত্যুর ইচ্ছা প্রকাশ করা এবং সম্পর্ক, মানুষের সঙ্গে যোগাযোগ ও নিজের প্রিয় জিনিসপত্র থেকে দূরে সরে যাওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রশিক্ষকেরা বলেন, আত্মহত্যার চিন্তায় থাকা কাউকে সহায়তার ক্ষেত্রে সহানুভূতি এবং বিচার না করে মনোযোগ দিয়ে শোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় কেউ নিজের ক্ষতি করার চিন্তার কথা জানালে পরিস্থিতি না বুঝেই দ্রুত কোনো সমাধান দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সঠিকভাবে পরিস্থিতি বোঝা এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পেশাদার সহায়তার সঙ্গে ওই ব্যক্তিকে যুক্ত করাও আত্মহত্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ মনোযোগ দিয়ে শোনার গুরুত্ব তুলে ধরেন। তিনি একটি বাস্তব ঘটনার উদাহরণ দিয়ে বলেন, বিপদের সময়ে কাউকে মন দিয়ে শোনাও তাকে গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি চিকিৎসা বা প্রয়োজনীয় সহায়তা না নেওয়া মানসিক সমস্যার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, অনেক সময় কোনো পরিস্থিতি সম্পর্কে আমাদের নিজস্ব ধারণা সমস্যাটিকে আরও বড় করে তুলতে পারে। তাই কঠিন সময়ে কিছুক্ষণ থামা, গভীরভাবে শ্বাস নেওয়া এবং নিজেকে বর্তমান মুহূর্তে স্থির রাখতে সহজ কিছু অনুশীলন করা গুরুত্বপূর্ণ।
এনএসইউ’র প্রক্টর অধ্যাপক আবদুল খালেক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়-সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে সামাজিক বিভিন্ন কাজে আরও বেশি অংশ নেওয়ার আহ্বান জানান। মানসিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্যক্তির সঙ্গে আচরণের ক্ষেত্রে নৈতিকতা মেনে চলার ওপরও গুরুত্ব দেন তিনি। পরে কর্মশালার প্রশিক্ষকদের সম্মাননা হিসেবে ক্রেস্ট এবং অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
