প্রযুক্তিনির্ভর কার্যপ্রক্রিয়া ও ডিজিটাল রূপান্তরে আইপিডিসি ফাইন্যান্সের উদ্যোগ ‘ই-নথি’ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এ উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটি এডফিএ্যাপ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এর টেকনোলজি ডেভেলপমেন্ট বিভাগে পুরস্কার পেয়েছে।
২৩ থেকে ২৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এডফিএ্যাপ-এর ৪৯তম বার্ষিক সভায় এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন ব্যারিস্টার সামিউল হাশিম এবং চিফ টেকনোলজি অফিসার মো. আফজালুর রশীদ।
‘ই-নথি’ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নথিপত্র ও কাজের প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এর ফলে কাগজের ব্যবহার ও কাগজনির্ভর প্রক্রিয়ার ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নথি ব্যবস্থাপনা ও দৈনন্দিন কার্যক্রম আরও দ্রুত ও দক্ষভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।
এ অর্জন সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “এডফিএ্যাপ ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এ এই স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত। আরও দ্রুত ও টেকসইভাবে কার্যক্রম পরিচালনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন এই পুরস্কার। ‘ই-নথি’ আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ অর্জনের পেছনে আমাদের দলের নিষ্ঠার পাশাপাশি অংশীদার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশনস ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এডফিএ্যাপ)-এর উদ্যোগে এডিএফআইএপি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডস দেওয়া হয়। প্রযুক্তি, টেকসই উন্নয়ন, করপোরেট সুশাসন ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সদস্য প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য উদ্যোগ ও কার্যক্রমকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
‘ই-নথি’ উদ্যোগের জন্য পাওয়া এই স্বীকৃতি ডিজিটাল উদ্ভাবন ও অভ্যন্তরীণ প্রক্রিয়ার আধুনিকায়নে আইপিডিসি ফাইন্যান্সের উদ্যোগকে আরও এগিয়ে নেবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও দক্ষ পরিচালন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির চলমান প্রচেষ্টাকেও তুলে ধরে।