× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী ইসলামি উন্নয়ন ব্যাংক

ডেস্ক রিপোর্ট।

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৩ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসলামি উন্নয়ন ব্যাংক তার সদস্যদেশগুলোতে ক্ষুদ্রঋণ চালুর বিভিন্ন উপায় বিবেচনা করছে বলে জানিয়েছেন ইসলামি উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসের।

ইউনূস সেন্টারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার ঢাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে মুহাম্মদ আল জাসের এই আগ্রহের বিষয়টি জানান।

এ সময় উন্নয়ন বিষয়ে অধ্যাপক ইউনূসের দর্শন ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রতিনিধিরা ক্ষুদ্রঋণ ও গ্রামীণ ব্যাংক নিয়ে অধ্যাপক ইউনূসের কাজ, সামাজিক ব্যবসার ধারণা এবং তার ‘তিন শূন্য’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ) ধারণার ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

আল জাসেরকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইসলামি উন্নয়ন ব্যাংক তার সদস্যদেশগুলোতে ক্ষুদ্রঋণ চালুর বিভিন্ন উপায় বিবেচনা করছে। অধ্যাপক ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রামীণের কর্মসূচিগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করতে তাদের একটি দল পাঠানোর অনুরোধ করেন, যাতে দলটি ইসলামি উন্নয়ন ব্যাংক কোন কোন পদ্ধতি গ্রহণে আগ্রহী হতে পারে, তা চিহ্নিত করতে পারে।

এ সময় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের জন্য বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করায় আল জাসেরকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ ও ইসলামি উন্নয়ন ব্যাংকের মধ্যকার সম্পর্কের গভীরতা এবং বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে ইসলামি উন্নয়ন ব্যাংকের ভূমিকার প্রতিফলন ঘটেছে।

অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করে আল জাসের বলেন, বর্তমানে অধিকাংশ তরুণের মধ্যেই প্রচলিত চাকরিব্যবস্থা থেকে দূরে থাকার প্রবণতা রয়েছে, তারা আর নিজেদের শুধু চাকরিজীবী হিসেবে গড়ে তুলতে আগ্রহী নন।

ইসলামি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আদিব ইউসুফ আল আমা, ইসলামি উন্নয়ন ব্যাংকের কান্ট্রি প্রোগ্রামস বিভাগের মহাপরিচালক আনাস আসিয়ামি এবং আইটিএফসির ট্রেড ফাইন্যান্স বিভাগের মহাব্যবস্থাপক আবদিহামিদ আবু।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.