রুমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক সহায়তা

উবাসিং মারমা, রুমা প্রতিনিধি।

১৩ জুন ২০২৬, ২১:১৭ পিএম

বান্দরবানের রুমা উপজেলার থানা পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ দোকান মালিকের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সমাজসেবী ও জনপ্রতিনিধিরা। ব্যক্তি উদ্যোগে তাদের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন ) সন্ধ্যা সাড়ে ৭টায় রুমা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আবু বক্কর এবং অগ্রবংশ অনাথালয়ের পরিচালক  উ: নাইন্দিয়া থের ভান্তে যৌথভাবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। 

গত ১১ জুন রুমা উপজেলার থানা পাড়া এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়, ফলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।

এ সময় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ এবং ১ কেজি ডাল বিতরণ করা হয়।

এরপর রাত ৮টায়  ২ নং রুমা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  শৈমং মার্মার পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে পৃথকভাবে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এ সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম নাপ্পি (শুঁটকি) এবং ১ কেজি আলু।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে ব্যক্তি উদ্যোগে এগিয়ে আসা মানবিক সহায়তাগুলো ক্ষতিগ্রস্তদের জন্য সাময়িক স্বস্তি এনে দিয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানো সকল ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা দ্রুত পুনর্বাসন ও ব্যবসা পুনরায় চালুর জন্য সরকারি ও বেসরকারি সহায়তারও দাবি জানিয়েছেন।